১ মার্চ বাজারে আসছে বিটিসিএল এমভিএনও
পরীক্ষামূলক ব্যবহারের পর আগামী ১ মার্চ থেকে বাজারে উন্মুক্ত হতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) পরিচালিত এমভিএনও (মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর) সিম।
১৪ ফেব্রুয়ারি, শনিবার এমনটাই জানিয়েছেন বিটিসিএল এর জনসংযোগ কর্মকর্তা রওনক তাহমিনা। তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি বিটিসিএল-এর MVNO সিমের ভয়েস কল, ডাটা কল, আলাপ-টু-মোবাইল, আলাপ-টু-আলাপ এবং GPON ইন্টিগ্রেশনসহ গুরুত্বপূর্ণ সেবা সমূহের প্রভিশনিং সংক্রান্ত কল টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে কোন কোন গণমাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সিম বাজারে উন্মুক্তকরণের বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও, অনিবার্য কারণবশত এমভিএনও সেবা পাইলটিং এর নিমিত্ত বাজারজাতকরণের চূড়ান্ত তারিখ ১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
এর আগে কারিগরি সকল পরীক্ষা শেষে এই সিমের কার্যকারিতা দেখতে ৩ ফেব্রুয়ারি বিটিসিএল-এর গুলিস্তান ও রমনা কার্যালয়ে গিয়ে এর কার্যক্রম পরিদর্শন করেন অন্তবর্তী সরকারের সদস্য বিদয়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সেদিন তিনি জানিয়েছিলেন, সিমটির মাধ্যমে ভয়েস কল, ডাটা সংযোগ, 'আলাপ' টু মোবাইল এবং জিপন (GPON) ইন্টিগ্রেশন—এই চারটি গুরুত্বপূর্ণ ধাপের 'লাইভ টেস্ট' সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি কোনো কাগুজে ঘোষণা নয়, বরং বাস্তব অ্যাক্টিভেশনের মাধ্যমে এর সক্ষমতা যাচাই করা হয়েছে। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি থেকে লাইভ টেস্ট শুরুর কথাও জানিয়েছিলেন তিনি।
বাণিজ্যিক পরিচালনার বিষয়ে মাসিক মাত্র ৫০০ টাকা কিস্তিতে সাশ্রয়ী স্মার্টফোন প্রদানের পরিকল্পনার কথা জানিয়েছিলো বিটিসিএল।
ডিবিটেক/এসএইচ/ডিএইই



