পরিবারের কাছে ফিরলেন ফয়েজ আহমদ তৈয়্যব

পরিবারের কাছে ফিরলেন ফয়েজ আহমদ তৈয়্যব
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৩  

অন্তর্বর্তীকালীন সরকারে দেড় বছরের মতো সময় দিয়ে এবার পরিবারের কাছে ফিরছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ১৪ ফেব্রুয়ারি, শনিবার তিনি বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডে পরিবারের কাছে উড়াল দিয়েছেন। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ১০টায় ছেড়ে যাওয়া ইমিরেটস এয়ারলাইন্স–এর ফ্লাইট (ইকে ৫৮৩) যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

হোয়াটসঅ্যাপ নম্বরে দেশ ছেড়েছেন কি না সেটা স্পষ্ট না করলেও ফয়েজ আহমেদ বলেন, আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি। সবগুলা পুরানা আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মতো খেটেছি। এগুলা ৫ বছরের কাজ।’

তিনি বলেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি ১ টাকাও দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক। টাকা মারসি এটা নিতে পারি না ভাই। মোবাইল ব্যবসায়ীরা, টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে। আমি তাদের কাছে মাথা নত করিনি। দ্রুত একটা চাকরি খুঁজবো। আমার স্বাভাবিক জীবনে ফিরে যাবো।’

ফয়েজ আরও বলেন, ‘আমার স্ত্রী-সন্তানকে ডিপ্রাইভ করে, নিরাপদ জীবন ফেলে দেশে এসেছি, কিছু মানুষ আমাকে যে যেভাবে পেরেছে অপমান, অপদস্ত করতে কাজ করেছে। মাঝে মাঝে মনে হয় এই দেশের উল্লেখযোগ্য মানুষ সৎ লোক এবং নলেজ ড্রিভেন লিডারশিপ ডিজার্ভ করে না। এই কষ্ট আমাকে তীব্রভাবে আঘাত করেছে। আমি সাধারণ মানুষ, সাধারণ পানাহার করি, সাধারণ চলাফেরা করি। নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি। দোয়া করবেন।’

জানাগেছে, এর আগে লাল পাসপোর্ট জমা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। গত ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি বিভাগ ও টেলিকম বিভাগের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছ থেকে ভোটের দিন আনুষ্ঠানিক বিদায় নেন ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রসঙ্গত, ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়।  তারও আগে বুয়েট স্নাতক ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৪ সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান।

ডিবিটেক/এসএম/আইএ