ভোটের পরিস্থিতি লাইভ পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা
ভোট দেয়ার পর পুলিশ সদর দফতরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সেখান থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা, পুলিশের বডিওর্ন ক্যামেরা ও ড্রোন থেকে সম্প্রচারিত লাইভ ভিডিও ফিড এবং তাৎক্ষণিক প্রতিবেদন পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে আপডেট নেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা এসব বিষয়েও খোঁজ নেয়া হয়।
এছাড়াও নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর অবস্থা সরাসরি পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা।
এর আগে, ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টা ২১ মিনিটে ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকেও ভোটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ভোটার উপস্থিতির হার, বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এবং সম্ভাব্য অনিয়ম সংক্রান্ত তথ্যের ওপর বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন তিনি।
ডিবিটেক/এসএ/ইকে







