সব অ্যান্ড্রয়েড ফোনে আসছে কুইক শেয়ার–এয়ারড্রপ আন্তঃসংযোগ
গুগলের ফাইল শেয়ারিং সুবিধা কুইক শেয়ার শিগগিরই সব অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপলের এয়ারড্রপের সঙ্গে কাজ করবে। এর ফলে অ্যান্ড্রয়েড ও আইফোন, আইপ্যাড কিংবা ম্যাকবুকের মধ্যে সরাসরি ফাইল আদান–প্রদান আরও সহজ হবে। গুগলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক কে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিএসএম এরিনা।
এর আগে গত বছর পিক্সেল ব্যবহারকারীদের জন্য কুইক শেয়ারের একটি সংস্করণ চালু করেছিল গুগল, যা এয়ারড্রপের সঙ্গে কাজ করত। তবে সেটি তখন কেবল পিক্সেল ১০ সিরিজেই সীমিত ছিল। এখন গুগল জানিয়েছে, সফল পরীক্ষার পর এই সুবিধা ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও আনা হবে।
বিশ্লেষকদের মতে, কুইক শেয়ার এক্সটেনশনকে সিস্টেম অ্যাপ থেকে আলাদা করে গুগল প্লেতে পূর্ণাঙ্গ অ্যাপ হিসেবে উন্মুক্ত করাই ছিল এই সম্প্রসারণের ইঙ্গিত। বর্তমানে গুগল বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে, যাতে ফিচারটি সব হ্যান্ডসেটে নির্বিঘ্নে চালু করা যায়।
উল্লেখ্য, ইতিমধ্যে অপো ও শাওমি তাদের নিজস্ব কালারওএস ও হাইপারওএসে এয়ারড্রপের মতো ক্রস-প্ল্যাটফর্ম শেয়ারিং সুবিধা চালু করেছে।
ডিবিটেক/বিএমটি



