শিশুদের জন্য স্মার্টফোন ও স্মার্টওয়াচ আনল এটিঅ্যান্ডটি

শিশুদের জন্য স্মার্টফোন ও স্মার্টওয়াচ আনল এটিঅ্যান্ডটি
৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:২১  

১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টফোন ও স্মার্টওয়াচ বাজারে আনছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। ‘অ্যামিগো জুনিয়র ফোন’ এবং ‘অ্যামিগো জুনিয়র ওয়াচ ২’ নামের এই দুটি ডিভাইসের লক্ষ্য—শিশুদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ সহজ করা। খবর জিএসএম এরিনা।

স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি অ্যামিগো জুনিয়র ফোনটি মূলত গ্যালাক্সি এ১৭ (৫জি) মডেলের একটি কাস্টম সংস্করণ। এতে যুক্ত করা হয়েছে ‘অ্যামিগো’ অ্যাপ, যার মাধ্যমে অভিভাবকেরা সন্তানের ফোন ব্যবহারের ওপর দূর থেকে নজর রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্ম থেকেই এই অ্যাপ ব্যবহার করা যাবে।

এই অ্যাপের মাধ্যমে শিশুর তাৎক্ষণিক অবস্থান দেখা যাবে এবং নির্ধারিত ‘সেইফ জোন’ ছাড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া যাবে। পাশাপাশি পদক্ষেপ গণনা, ফোনের ব্যাটারির অবস্থা দেখা এবং স্ক্রিন টাইম ও অ্যাপ ব্যবহারের সীমা নির্ধারণের সুবিধাও রয়েছে। স্কুল সময়ের জন্য আলাদা ‘স্কুল মোড’ সেট করার সুযোগও রাখা হয়েছে।

যেসব অভিভাবক শিশুদের হাতে স্মার্টফোন দিতে চান না, তাঁদের জন্য বিকল্প হিসেবে থাকছে অ্যামিগো জুনিয়র ওয়াচ ২। এই স্মার্টওয়াচে সীমিত ফিচার থাকলেও অবস্থান শনাক্ত করা এবং সর্বোচ্চ ৩০টি পূর্বনির্ধারিত নম্বরে কল ও বার্তা পাঠানোর সুবিধা রয়েছে।

ডিভাইস দুটি মাসিক তিন ডলার কিস্তিতে নেওয়া যাবে। অ্যামিগো জুনিয়র ফোনের পূর্ণ মূল্য ২১০ ডলার এবং অ্যামিগো জুনিয়র ওয়াচ ২-এর দাম ১৭০ ডলার নির্ধারণ করেছে এটিঅ্যান্ডটি। শিশুদের নিরাপত্তা ও অভিভাবকীয় নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়েই এই নতুন পণ্য দুটির বাজারজাতকরণ করছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি