ভুলে গ্রাহকদেরকে ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো এক্সচেঞ্জ
দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব ভুলবশত গ্রাহকদের মধ্যে প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিটকয়েন বিতরণ করেছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার একটি প্রমোশনাল কর্মসূচির সময় এই ত্রুটি ঘটে, যার ফলে এক্সচেঞ্জটিতে হঠাৎ করে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়।
বিথাম্ব জানায়, তারা মূলত প্রতিটি ব্যবহারকারীকে ন্যূনতম ২ হাজার কোরিয়ান ওন (প্রায় ১.৩৭ ডলার) নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রযুক্তিগত ভুলের কারণে নির্বাচিত গ্রাহকরা প্রত্যেকে অন্তত ২ হাজার বিটকয়েন করে পেয়ে যান। বর্তমান বাজারদরে এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৪৪ বিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার ৩৫ মিনিটের মধ্যে ৬৯৫ জন প্রভাবিত গ্রাহকের লেনদেন ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করা হয় এবং ইতোমধ্যে বিতরণ হওয়া বিটকয়েনের ৯৯.৭ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিথাম্ব এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, এটি কোনো ধরনের হ্যাকিং বা নিরাপত্তা ভাঙনের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
এই ঘটনার পর বিথাম্বে বিটকয়েনের দাম স্বল্প সময়ের জন্য ১৭ শতাংশ পর্যন্ত কমে যায়। পরে অবশ্য দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে বিথাম্ব বর্তমানে আপবিটের পর দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম।
ডিবিটেক/বিএমটি





