আইনি কাজে এআই এজেন্ট
মাত্র এক মাস আগেও ধারণা ছিল—আইনজীবীদের পেশা এখনই কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে যাচ্ছে না। কারণ, পেশাগত কাজ—বিশেষ করে আইন ও করপোরেট বিশ্লেষণে—এআই এজেন্টদের সক্ষমতা মাপতে মারকরের নতুন বেঞ্চমার্কে বড় সব গবেষণাগারের স্কোরই ছিল ২৫ শতাংশের নিচে। কিন্তু কয়েক সপ্তাহেই সেই চিত্র বদলে গেছে। খবর টেকক্রাঞ্চ।
চলতি সপ্তাহে অ্যানথ্রপিকের নতুন মডেল ওপাস ৪.৬ প্রকাশের পর এআই সক্ষমতার সূচকে বড় ধরনের লাফ দেখা গেছে। একবারের পরীক্ষায় মডেলটির স্কোর প্রায় ৩০ শতাংশে পৌঁছায় এবং একাধিক সুযোগ দিলে গড় স্কোর দাঁড়ায় ৪৫ শতাংশে।
নতুন সংস্করণে যুক্ত ‘এজেন্টিক’ বৈশিষ্ট্য—বিশেষ করে ‘এজেন্ট স্বার্ম’—জটিল বহু ধাপের সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মারকরের প্রধান নির্বাহী ব্রেন্ডন ফুডি এ অগ্রগতিকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে বলেন, কয়েক মাসের মধ্যে স্কোর ১৮.৪ শতাংশ থেকে প্রায় ৩০ শতাংশে পৌঁছানো বিস্ময়কর।
যদিও শতভাগের পথ এখনও অনেক দূর, তবু এ অগ্রগতি দেখাচ্ছে—ভিত্তিমূলক এআই মডেলের উন্নতির গতি কমছে না। ফলে আইনজীবীরা এখনই চাকরি হারাবেন না ঠিকই, তবে আগের মতো নিশ্চিন্ত থাকার সুযোগও আর নেই।
ডিবিটেক/বিএমটি



