বাজারে এসেই মিনিটের মধ্যে শেষ স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড

বাজারে এসেই মিনিটের মধ্যে শেষ স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড
১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০০  

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। শুক্রবার দেশটিতে ডিভাইসটির বিক্রি শুরু হয়। স্যামসাংয়ের নিজস্ব অনলাইন স্টোর ও এক্সপেরিয়েন্স স্টোরে ফোনটি পাওয়া গেলেও প্রায় ২০ মিনিটের মধ্যেই সব ইউনিট বিক্রি হয়ে যায়। খবর জিএসএম এরিনা।

২ হাজার ৮৯৯ মার্কিন ডলারে বিক্রি হওয়া এই ফোনটির দাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর চেয়ে প্রায় ৯০০ ডলার বেশি। তবে ঠিক কত সংখ্যক ডিভাইস বিক্রির জন্য ছাড়া হয়েছিল, সে তথ্য প্রকাশ করেনি স্যামসাং। ফলে প্রকৃত চাহিদা কতটা ছিল, তা স্পষ্ট নয়।

এর আগে দক্ষিণ কোরিয়ায় সীমিত আকারে ফ্ল্যাশ সেলের মাধ্যমে ফোনটি বিক্রি করা হয়েছিল, যেখানে শুরু থেকেই সরবরাহ ছিল খুবই কম। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড পাওয়া গেছে শুধু ‘ক্র্যাফটেড ব্ল্যাক’ রঙে এবং একটি মাত্র ৫১২ গিগাবাইট স্টোরেজ সংস্করণে।

স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড মূলত একটি প্রযুক্তি প্রদর্শনী ডিভাইস। ফোল্ডেবল ও প্রযুক্তিপ্রেমীদের লক্ষ্য করেই এটি আনা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, উচ্চমূল্য সত্ত্বেও ডিভাইসটি বিক্রি করা হচ্ছে লোকসানেই, যাতে ভবিষ্যতের ফোল্ডেবল প্রযুক্তির সক্ষমতা তুলে ধরা যায়।

ডিবিটেক/বিএমটি