ইসরায়েলি স্টার্টআপ কিউ.এআই কিনল অ্যাপল
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নেতৃত্ব দখলের প্রতিযোগিতা তীব্রতর হওয়ার মধ্যেই ইসরায়েলি স্টার্টআপ কিউ.এআই অধিগ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইমেজিং ও যন্ত্রশিক্ষাভিত্তিক প্রযুক্তিতে দক্ষ এই প্রতিষ্ঠানটি বিশেষ করে ফিসফিস করে বলা কথা শনাক্ত করা এবং কোলাহলপূর্ণ পরিবেশে শব্দের মান উন্নত করার প্রযুক্তি নিয়ে কাজ করে।
অ্যাপল সম্প্রতি এয়ারপডসে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করেছে। গত বছর যুক্ত হয় সরাসরি অনুবাদ সুবিধা। পাশাপাশি মুখের সূক্ষ্ম পেশির নড়াচড়া শনাক্তের প্রযুক্তিও উন্নয়ন করছে প্রতিষ্ঠানটি, যা ভিশন প্রো হেডসেট আরও কার্যকর করতে সহায়তা করতে পারে।
ফাইন্যানশিয়াল টাইমসের তথ্যমতে, প্রায় ২০০ কোটি ডলারের এই চুক্তি অ্যাপলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অধিগ্রহণ। এর আগে ২০১৪ সালে বিটস ইলেকট্রনিকস কিনতে ব্যয় হয়েছিল ৩০০ কোটি ডলার।
২০২২ সালে যাত্রা শুরু করা কিউ.এআই–এর প্রতিষ্ঠাতা ও সহপ্রতিষ্ঠাতারা অধিগ্রহণের অংশ হিসেবে অ্যাপলে যোগ দেবেন। এই ঘোষণা অ্যাপলের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের ঠিক আগমুহূর্তে এলো, যেখানে রাজস্ব ও আইফোন বিক্রিতে শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকেরা।
ডিবিটেক/বিএমটি







