কত ডিভাইসে চলছে অ্যান্ড্রয়েড ১৬?

কত ডিভাইসে চলছে অ্যান্ড্রয়েড ১৬?
১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫৯  

বর্তমানে সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের কত শতাংশে সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬ চলছে সেই তথ্য প্রকাশ করেছে গুগল। হালনাগাদ অ্যান্ড্রয়েড ভার্সন ডিস্ট্রিবিউশন চার্ট অনুযায়ী, বিশ্বজুড়ে সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের ৭ দশমিক ৫ শতাংশে চলছে অ্যান্ড্রয়েড ১৬। তবে এই তথ্য ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত, ফলে বর্তমানে এই হার আরও কিছুটা বেড়ে থাকতে পারে। খবর জিএসএম এরিনা।

গত বছরের জুনে পিক্সেল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্ত করে গুগল। এরপর ধীরে ধীরে অন্যান্য নির্মাতাও তাদের ডিভাইসে এই সংস্করণের আপডেট দিতে শুরু করে। তবু গ্রহণের হারে এখনো শীর্ষে নেই নতুন সংস্করণটি।

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্ড্রয়েড সংস্করণ হলো অ্যান্ড্রয়েড ১৫, যার দখলে রয়েছে ১৯ দশমিক ৩ শতাংশ ডিভাইস। এর পরেই আছে অ্যান্ড্রয়েড ১৪ (১৭ দশমিক ২ শতাংশ) ও অ্যান্ড্রয়েড ১৩ (১৩ দশমিক ৯ শতাংশ)। ব্যবহারের হিসাবে অ্যান্ড্রয়েড ১৬ রয়েছে সপ্তম অবস্থানে; এর আগেও রয়েছে অ্যান্ড্রয়েড ১১, অ্যান্ড্রয়েড ১২ ও অ্যান্ড্রয়েড ১০।

গুগলের মতে, অ্যান্ড্রয়েড একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় অসংখ্য নির্মাতা ও বিপুল সংখ্যক ডিভাইস এতে যুক্ত। ফলে নতুন সংস্করণের আপডেট দ্রুত সবার কাছে পৌঁছানো তুলনামূলকভাবে জটিল। তবে আগামী মাসগুলোতে অ্যান্ড্রয়েড ১৬–এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি