বিএমইউতে থিসিস, গবেষণা লেখা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
থিসিস, গবেষণাপত্র ও ম্যানুস্ক্রিপ্ট লেখা, বায়োমেডিকেল এবং স্বাস্থ্য বিষয়ক ডিজিটাল সাহিত্য বা হিনারি ব্যবহার করে জার্নাল ও আর্টিক্যাল খুঁজে বের করা বিষয়ে ১৭ জানুয়ারি, শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ‘হ্যান্ডস অন ট্রেনিং অন ইউজিং হিনারি ফর জার্নাল, আর্টিক্যাল সার্চিং ফর প্রটোকল, থিসিস এন্ড ম্যানুস্ক্রিপ্ট রাইটিং শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিএমইউ’র ৭০০ ফেইজ বি রেসিডেন্ট ছাত্র-ছাত্রী ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রন্থাগারিক ও এ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, দেশের মানুষের জন্য প্রয়োজন এমন গবেষণা করুন। যাতে গবেষণা সমূহ রোগীদের কল্যাণে কাজে লাগে। গবেষণাসমূহ যাতে রোগ প্রতিরোধ ও নিরাময়ে অবদান রাখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে যাতে কোনো বিষয়ের প্রকৃত অবস্থা জানা যায়, কারণসমূহ খুঁজে বের করা যায় এবং প্রতিকারের উপায়সমূহ চিহ্নিত করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, গবেষণা হতে হবে আন্তর্জাতিক মানের এবং গবেষণাসমূহ আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করার ওপর আরো জোর দিতে হবে। বিভিন্ন গবেষণাসমূহ অনুবাদ করে সেখান থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর জন্য রোগীদের কল্যাণে ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রয়োগ করা যেতে পারে।
তিনি আরও বলেন, নিজেকে আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও গবেষক হিসেবে তৈরি করতে হবে এবং এক্ষেত্রে বিএমইউ’র প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ডিজিটালাইজেশনের যুগে এনালগ থাকার সুযোগ নাই। উন্নতমানের থিসিস, গবেষণাপত্র লেখার জন্য হাতে কলমে প্রশিক্ষণের বিকল্প নাই। সেই বিবেচনায় রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মসূচী। আজকের রেসিডেন্টরাই নিজেকে দক্ষ ও যোগ্য এবং বিশ্বমানের চিকিৎসক ও গবেষক হিসেবে তৈরির মাধ্যমে আগামী দিনে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সঠিক নেতৃত্ব দেবেন সেটাই প্রত্যাশিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ইরতেকা রহমান, অতিরিক্ত গ্রন্থাগারিক সুফিয়া বেগম, উপ-গ্রন্থাগারিক সহযোগী অধ্যাপক ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিএমবিএস/ইকে







