ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!
১২ জানুয়ারি, ২০২৬ ১৩:০৪  
১৩ জানুয়ারি, ২০২৬ ০১:০৩  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেছেন যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। তিনি নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ট্রাম্প নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। সেখানে লেখা ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, দায়িত্বকাল জানুয়ারি ২০২৬ থেকে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিটি উইকিপিডিয়ার পাতার আদলে তৈরি। সেখানে তাকে অফিশিয়াল ছবি যুক্ত করা হয়েছে এবং সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে প্রকৃত উইকিপিডিয়া পাতায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়নি, এবং কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবিকে স্বীকৃতি দেয়নি। এই পোস্টটি এমন এক সময়ে সামনে এল, যার কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে এনেছে।

ভেনেজুয়েলা থেকে সদ্য অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় দিন পার করছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মধ্যরাতে মার্কিন ডেল্টা ফোর্স পরিচালিত সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।

শাসরুদ্ধকর ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এতে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ৩০ জনের বেশি কিউবার সামরিক সদস্য।

এরপর ৫ জানুয়ারি অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের আদালতে তোলা হয় মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে। তবে ট্রাম্প প্রশাসনের আনা এসব অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো। আদালতে মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে অপহরণ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

ডিবিটেক/এপিও/ইকে