শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনায় সুইজারল্যান্ড

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনায় সুইজারল্যান্ড
২১ ডিসেম্বর, ২০২৫ ১৮:০০  
২১ ডিসেম্বর, ২০২৫ ২১:৫০  

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সুইজারল্যান্ডকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে- এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ বোম-শ্নাইডার। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তিনি জানান, সুইজারল্যান্ডেও অনুরূপ ব্যবস্থা বিবেচনা করা হতে পারে। খবর রয়টার্স।

রোববার সনটাগসব্লিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্র-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট দলের এই মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নে চলমান বিতর্ক সুইজারল্যান্ডের জন্যও গুরুত্বপূর্ণ। শিশুদের আরও ভালোভাবে সুরক্ষা দিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সম্ভাবনার বিষয়ে উন্মুক্ত অবস্থান রাখছেন।

তিনি জানান, কী ধরনের বিধিনিষেধ আরোপ করা যেতে পারে—শিশুদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ কিংবা তরুণদের দুর্বলতাকে কাজে লাগানো অ্যালগরিদমের লাগাম- এসব বিষয় খতিয়ে দেখা হবে। নতুন বছরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। একই সঙ্গে তিনি বলেন, শিশু ও কিশোররা কী কনটেন্ট দেখছে, সে দায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকেও নিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের ফ্রিবুর্গ ক্যান্টনে প্রায় ১৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি