নির্বাচনের আগে তরঙ্গ নিলাম উপযুক্ত সময় নয়: রবি সিইও
৭০০ মেগাহার্জ স্পেক্ট্রাম অকশন নিয়ে কোনো শঙ্কা দেখেন না রবি সিইও জিয়াদ সিতারা। তবে নির্বচনের ডামাডোলে তরঙ্গ নিলাম উপযুক্ত সময় নয় বলে মনে করেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মাথায় ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রথমবারের মতো টেলিকম সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
জিয়াদ জানান, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতে চলতি বছর ২০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। বিনিয়োগ সুরক্ষায় তারা এখন নীতিমালার ধারাবাহিকতা ও নিশ্চিয়তা চান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রবি সিইও বলেন, জানুয়ারিতে অকশন। এ বিষয়ে রবি মনে করে, নির্বাচনের আগে স্পেক্ট্রাম অকশন হওয়া উচিত নয়। অকশন মানেই বিনিয়োগ। বিনিয়োগের জন্য এখন উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর অন্তর্বর্তীকালীনের পরিবর্তে একটি দীর্ঘ মেয়াদি সরকার আসলে এটি আরও গতি পেত।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন একটা ট্রান্জিশনাল সময় চলছে। বিনিয়োগকারীরা নিবাচানের দিকে চেয়ে আছে। আমার মতে এখন বিনিয়োগের উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর অর্থনীতি ঘুরে দাড়াবে এটাই প্রত্যাশা।
এসময় সম্পূরক প্রশ্নের জবাবে রবি আজিয়াটার কোম্পানি সচিব ও চিফ করপোরেট অফিসার সাহেদ আলম বলেন, টেলিকম লাইসেন্স নীতিমালা পরিবর্তনের আগে ২০১৮ সালের গাইড লাইন রিভিউ করা দরকার ছিল। প্রতি বছর মোট ব্যয়ের ৩০ শতাংশই প্রযুক্তি উন্নয়নে ব্যয় করতে হয়। লাইসেন্স নীতিমালায় আরোপিত প্রতিবন্ধকতা টেলিকম ব্যবসাকে বাধাগ্রস্ত করবে। টেলিকম নীতিমালা ও নির্দেশনা সাংঘর্ষিক। সময়ে সময়ে পরিবর্তন হওয়ার কারণে বিনিয়োগ ঝুঁকিতে পরে। সংকট সমাধানে একটি সময়োপযোগী দীর্ঘমেয়াদি নীতিমালা দরকার।
১৫ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ থাকা যাবে না এমন সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন রবি'র চিফ করপোরেট অফিসার।
জুলাই আন্দোলনে কোনো ব্যাখ্যা ছাড়া ইন্টারনেট বন্ধ রাখার প্রশ্নে তিনি বলেন, ২০২৪ এর জুলাই বিল্পবের পর আইন সংশোধনের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। আমরা জবাবদিহিতার সুযোগ রাখার দাবি জানিয়েছি। আইন করে জবাবদিহি নিশ্চিত হবে এটাই রবি'র প্রত্যাশা। নিয়ন্ত্রক সংস্থা হোয়াটসঅ্যাপ বা ফোনে নির্দেশনা দেবে এটা কাম্য নয়। যে কোন নির্দেশনা ফরমালি হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে রবি'র জ্যেষ্ঠ পরিচালক অনামিকা ভক্ত এবং জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ও শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/আইএইচ



