২৫ বিলিয়ন ডলারের বেশি তহবিল তুলতে আইপিওতে যাচ্ছে স্পেসএক্স
ইলন মাস্কের মহাকাশবিজ্ঞান প্রতিষ্ঠান স্পেসএক্স আগামী বছরে প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) পরিকল্পনা করছে। এ উদ্যোগে কোম্পানিটি ২৫ বিলিয়ন ডলারের বেশি তহবিল তুলতে পারে এবং এর মূল্যায়ন এক ট্রিলিয়ন ডলারের ওপরে পৌঁছাতে পারে-এ তথ্য জানিয়েছেন বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র। খবর টেকক্রাঞ্চ।
সূত্রের বরাতে জানা যায়, স্পেসএক্স ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের সঙ্গে আইপিও নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। তালিকাভুক্তি ২০২৬ সালের জুন বা জুলাইয়ের দিকে হতে পারে।
মাস্ক আগেই জানিয়েছেন, যখন তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের আয় “স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য” হবে, তখনই এটি শেয়ারবাজারে তোলা হবে। তবে এবার পুরো স্পেসএক্সেরই আইপিওর পথ খুলছে।
বিশ্বে এখন পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সৌদি আরামকো এক ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যে আইপিও সম্পন্ন করেছিল। তাদের ২০১৯ সালের তালিকাভুক্তির সময় বাজারমূল্য ছিল ১.৭ ট্রিলিয়ন ডলার।
ব্লুমবার্গের খবর অনুযায়ী, স্পেসএক্স আইপিও থেকে পাওয়া অর্থ দিয়ে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার গড়ে তুলতে চায়। সেই সঙ্গে এসব ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতার চিপ কেনার পরিকল্পনাও রয়েছে।
২০২৫ সালে স্পেসএক্সের রাজস্ব প্রায় ১৫ বিলিয়ন ডলার হতে পারে এবং ২০২৬ সালে তা বেড়ে ২২ থেকে ২৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যার বড় অংশই আসবে স্টারলিংক থেকে।
এদিকে গত সপ্তাহে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে স্পেসএক্স একটি সেকেন্ডারি শেয়ার বিক্রির উদ্যোগ নিচ্ছে, যা কোম্পানির মূল্যায়নকে ৮০০ বিলিয়ন ডলারে উন্নীত করবে—ওপেনএআই-এর সঙ্গে ‘দুনিয়ার সবচেয়ে মূল্যবান ব্যক্তিমালিকানাধীন কোম্পানি’ খেতাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে মাস্ক এসব দাবিকে “ভুল” বলে মন্তব্য করেছেন।
ডিবিটেক/বিএমটি







