অপরাধ প্রতিরোধী অ্যাপ উপস্থাপন করলেঅ পিকেএসএফ
নিরাপদ আবাস গড়ে তুলতে কমিউনিটির সম্পৃক্ততা বাড়িয়ে অপরাধের দৈনন্দিন পর্যবেক্ষণ ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সর্বোচ্চ গুরুত্বারোপ করছেন খাত সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে ২ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) অনুষ্ঠিত এক সেমিনারে উপস্থাপন করা হলো অপরাধ প্রতিরোধী অ্যাপ- ‘মিইমাই’। এ অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিরাপদ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করতে, তাৎক্ষণিকভাবে তথ্য দিতে এবং ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পথ নির্বাচন করতে পারেন। এটি সাধারণ হাঁটার মধ্যেই পর্যবেক্ষণ ও সতর্কতার একটি সংস্কৃতি তৈরি করে।
পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত ‘Building Resilient Communities and Improving Living Environment in Bangladesh’ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক অপরাধ প্রতিরোধ শিক্ষা ও কমিউনিটি সাপোর্ট মডেল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ড. তোমো ওকুবো ও ড. শিহো তানাকা এবং রিক্কিও বিশ্ববিদ্যালয়ের ড. নাঅনরি কুসাকাবে।
এ ছাড়া এআইইউবি-এর সহযোগী অধ্যাপক ড. বি. এম. সাজ্জাদ হোসেন, পিকেএসএফ-এর সহযোগী সংস্থা বাস্তব-এর নির্বাহী পরিচালক রুহি দাস, সিদীপ-এর নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এবং আরডিআরএস-বাংলাদেশ-এর পরিচালক তারিক সাইদ হারুন সেমিনারে বক্তব্য দেন।
বক্তারা জানানা, দেশে অপরাধের মাত্রা কমাতে প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের পাশাপাশি কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধ কৌশলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নজরদারি বৃদ্ধি ও অপরাধ সংঘটনের সুযোগ কমিয়ে আনে এমন নগর নকশা করার মাধ্যমে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর করা সম্ভব।
তাদের ভাষ্য, অপরাধ ‘মানুষের কারণে’ নয় বরং ‘পরিবেশগত কারণে’ বেশি ঘটে—এ ধারণার ওপর ভিত্তি করে কমিউনিটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
সেমিনারে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষত তরুণদের সম্পৃক্ততা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক টহল দল, শিক্ষা প্রতিষ্ঠানের রুট ম্যাপিং এবং ঝুঁকিপূর্ণ এলাকার পর্যবেক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমেই কমিউনিটি সেফটি নেটওয়ার্ককে শক্তিশালী করছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা অপরাধ কারণ তত্ত্ব এবং অপরাধ সুযোগ তত্ত্বের পার্থক্য ব্যাখ্যা করে বলেন, পার্ক, পথচারী পথ, অবহেলিত এলাকা ও অন্ধকার স্থানগুলো নজরদারি না থাকায় এসব এলাকায় অপরাধ বেশি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের এবং সেমিনার শেষে উপস্থিতিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক তৌফিকুল ইসলাম।
ডিবিটেক/এফএস/ইকে







