অ্যামাজন ও গুগলের যৌথ মাল্টিক্লাউড সেবা চালু
বাড়তে থাকা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজন মেটাতে অ্যামাজন ও গুগল যৌথভাবে নতুন মাল্টিক্লাউড নেটওয়ার্কিং সেবা চালু করেছে। দুই প্রতিষ্ঠান জানায়, এই উদ্যোগের মাধ্যমে তাদের ক্লাউড প্ল্যাটফর্মগুলোর মধ্যে ব্যক্তিগত ও উচ্চগতির সংযোগ আগে যেখানে সপ্তাহ লেগে যেতো সেখানে মাত্র কয়েক মিনিটেই তৈরি করা সম্ভব হবে। খবর রয়টার্স।
এই সেবা এমন সময়ে এসেছে যখন অল্প সময়ের নেটওয়ার্ক বিভ্রাটও বিশ্বব্যাপী বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। গত ২০ অক্টোবর অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)–এর বিভ্রাট স্ন্যাপচ্যাট ও রেডিটসহ হাজারো ওয়েবসাইট বন্ধ করে দেয়। পারামেট্রিক্সের হিসাব অনুযায়ী, ওই ঘটনার ফলে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি হয়েছে ৫০ কোটি থেকে ৬৫ কোটি ডলার।
নতুন অফারটি এডব্লিউএস–এর ইন্টারকনেক্ট–মাল্টিক্লাউড ও গুগল ক্লাউডের ক্রস–ক্লাউড ইন্টারকনেক্ট একত্র করে নেটওয়ার্কের পারস্পরিক সামঞ্জস্য বাড়াবে। এডব্লিউএস–এর নেটওয়ার্ক সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট রবার্ট কেনেডি বলেন, দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতা মাল্টিক্লাউড সংযোগে একটি বড় পরিবর্তন আনবে। গুগল ক্লাউড জানায়, নতুন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকেরা সহজে বিভিন্ন ক্লাউডের মধ্যে ডেটা ও অ্যাপ্লিকেশন স্থানান্তর করতে পারবেন।
সেলসফোর্স ইতিমধ্যে এই নতুন প্রযুক্তির প্রাথমিক ব্যবহারকারী হিসেবে যুক্ত হয়েছে। বিশ্বে সবচেয়ে বড় ক্লাউড সেবা প্রদানকারী এডব্লিউএস তৃতীয় প্রান্তিকে ৩৩ বিলিয়ন ডলারের রাজস্ব অর্জন করেছে, যা গুগল ক্লাউডের ১৫.১৬ বিলিয়ন ডলারের দ্বিগুণেরও বেশি। এদিকে এআই–চালিত ইন্টারনেট ট্রাফিক বৃদ্ধির সাথে তাল মিলিয়ে অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট বিলিয়ন ডলার ব্যয়ে অবকাঠামো সম্প্রসারণ করছে।
ডিবিটেক/বিএমটি



