মেট্রোর ছাদে কিশোর, সোমবার থেকে চলবে ট্রেন

মেট্রোর ছাদে কিশোর, সোমবার থেকে চলবে ট্রেন
৩০ নভেম্বর, ২০২৫ ২৩:১১  

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেন ৩০ নভেম্বর, রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর রাতে আর ট্রেন চালু হয়নি।

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ছাদে থাকা ওই কিশোরকে কিছুক্ষণের মধ্যেই মই দিয়ে নামিয়ে আনে এমআরটি পুলিশ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। কোনো কোনো প্রত্যক্ষদর্শী এমন ধারণা দেন যে আরও একজন মেট্রোরেলের লাইন ধরে দৌড় দিয়েছেন। যদিও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে লাইনে খুঁজে পায়নি। মেট্রোরেল চলাচলের নীতিমালা অনুযায়ী, এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুরো লাইন এবং সবগুলো ট্রেন পরীক্ষা–নিরীক্ষার দরকার পড়ে। সে কারণেই রাতে আর ট্রেন চালু করা হয়নি।

এর আগে এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি তিনি জানাতে পারেননি। তবে মেট্রো যাত্রীদের অভিযোগ সাড়ে ৮টা থেকে প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ রয়েছে। তখন  ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে ভুক্তভোগী যাত্রীরা নানা পোস্ট দিতে শুরু করেন।  এমন এক পোস্টে  শরীফ হোসাইন লিখেছেন, ‌‘ফার্মগেট থেকে বিজয় সরণির মাঝ বরাবর মেট্রোরেলে থমকে আছি, ঘোষণা ভেসে আসছে— শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না।’ ওই পোস্টের নিচে অনেকেই কমেন্টে যাত্রা নিয়ে ভোগান্তি এবং বিভিন্ন স্টেশনে আটকে থাকার কথা জানান।  

এদিকে ডিএমটিসিএলের সূত্র জানায়, কিশোরটির বয়স ১৩ থেকে ১৪ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, কোনো শিশুসদনে ছিল সে। কিছুটা মানসিকভাবেও অপ্রকৃতিস্থ বলে মনে করা হচ্ছে।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছন, সতর্কতার অংশ হিসেবে রাতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। আগামীকাল সোমবার সকাল থেকে সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। ওই কিশোর কেন এবং কীভাবে ট্রেনের ছাদে উঠল, তা জানার চেষ্টা চলছে।
ডিবিটেক/ডিপি/ইকে