ইভি প্রকল্প থেকে পিছিয়ে যাচ্ছে হোন্ডা

ইভি প্রকল্প থেকে পিছিয়ে যাচ্ছে হোন্ডা
১৫ মার্চ, ২০২৬ ১৭:২৯  

জাপানের গাড়ি নির্মাতা হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি প্রকল্প বন্ধ করে দিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক গাড়ি শিল্পে দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক প্রযুক্তির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি আরও পিছিয়ে পড়তে পারে। খবর টেকক্রাঞ্চ।

প্রতিবেদন অনুযায়ী, হোন্ডা সম্প্রতি বৈদ্যুতিক অ্যাকুরা আরডিএক্স এবং হোন্ডা ০ সিরিজের সেডান ও এসইউভি মডেলের উন্নয়ন স্থগিত করেছে। এছাড়া হোন্ডা প্রোলগ মডেলের উৎপাদন বন্ধ করার পরিকল্পনার কথাও জানা গেছে। এই প্রোলগ মডেলটি মূলত যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল।

বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ির যুগে দুটি বড় পরিবর্তন দ্রুত এগিয়ে আসছে- বৈদ্যুতিক চালনাব্যবস্থা এবং সফটওয়্যারনির্ভর গাড়ি প্রযুক্তি। ইতিমধ্যে টেসলা, রিভিয়ান ও বিওয়াইডির মতো নির্মাতারা নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, উন্নত তথ্য–বিনোদন ব্যবস্থা এবং উন্নত চালক সহায়তা প্রযুক্তি নিয়ে বাজারে এগিয়ে আছে।

অন্যদিকে চীনে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বিষয়টিও স্বীকার করেছে হোন্ডা। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের তুলনায় সমমূল্যে বেশি মূল্যবান পণ্য দিতে না পারায় প্রতিযোগিতা কমেছে। 

বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক প্রযুক্তিতে বিনিয়োগ কমিয়ে দিলে ভবিষ্যতে বিশ্ববাজারে টিকে থাকা হোন্ডার জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

ডিবিটেক/বিএমটি