মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।
৯ নভেম্বর, রবিবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, প্রকল্প এলাকা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি সাময়িকভাবে বাতিল করা হলো। নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
তবে ছুটি বাতিলের কারণ অফিস আদেশে স্পষ্ট করা হয়নি।
অফিস আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরণের ছুটি বাতিল করা হলো।’
এতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিবিটেক/ডিআর/ইক



