গুগলের ‘ন্যানো ব্যানানা প্রো’ চালু
গুগল তাদের জনপ্রিয় ছবি তৈরি ও সম্পাদনার এআই টুল “ন্যানো ব্যানানা”-র উন্নত সংস্করণ ‘ন্যানো ব্যানানা প্রো’ উন্মোচন করেছে। নতুন সংস্করণটি গুগলের সদ্য ঘোষিত জেমিনি ৩ প্রো মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের আরও নির্ভুল, বিশদ ও প্রসঙ্গভিত্তিক ভিজ্যুয়াল তৈরি করতে সহায়তা করবে। খবর জিএসএম এরিনা।
গুগলের দাবি, ন্যানো ব্যানানা প্রো দিয়ে প্রোটোটাইপ, ইনফোগ্রাফিক, হাতে লেখা নোট থেকে ডায়াগ্রাম—প্রায় সব ধরনের ভিজ্যুয়াল কাজ সহজে তৈরি করা যাবে।
নতুন সংস্করণটি উন্নত যুক্তিগত ক্ষমতা ও বাস্তব তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষামূলক ব্যাখ্যা, প্রসঙ্গসমৃদ্ধ ডায়াগ্রাম এবং রিয়েল-টাইম তথ্যচিত্র তৈরি করতে পারে। এটি গুগল সার্চের সঙ্গে যুক্ত হয়ে আবহাওয়া, খেলাধুলা বা কোনো রেসিপির দ্রুত ভিজ্যুয়াল সারাংশও দেখাতে সক্ষম।
গুগল বলছে, ন্যানো ব্যানানা প্রো বর্তমানে সঠিক ও সুস্পষ্ট টেক্সটসহ ছবি তৈরির ক্ষেত্রে সবচেয়ে সক্ষম মডেল। পোস্টার, মকআপ কিংবা ক্যালিগ্রাফি—সব ক্ষেত্রেই বিস্তারিত লেখার রেন্ডারিং আরও নিখুঁত হয়েছে। জেমিনির বহুভাষিক যুক্তি-ক্ষমতার ফলে ব্যবহারকারীরা একাধিক ভাষায় লেখা তৈরি, অনুবাদ বা লোকালাইজ করতে পারবেন।
ন্যানো ব্যানানা প্রো সর্বোচ্চ ১৪টি ছবি ব্লেন্ড করতে পারে এবং সর্বোচ্চ ৫ জন ব্যক্তির চেহারার সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। উন্নত লোকালাইজড এডিটিং ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন, রিফাইন, ক্যামেরা এঙ্গেল পরিবর্তন, রঙ সামঞ্জস্য এবং আলো নিয়ন্ত্রণ—সবকিছুই সম্ভব। পাশাপাশি ২কে ও ৪কে–এর নানা অ্যাসপেক্ট রেশিওতে ছবি তৈরি করা যাবে।
ফিচারটি এখন বিশ্বব্যাপী জেমিনি অ্যাপের “থিংকিং” মডেলে “ক্রিয়েট ইমেজেস” নির্বাচন করলে পাওয়া যাবে। ফ্রি ব্যবহারকারীরা সীমিত কোটায় প্রো সুবিধা পাবেন, এরপর আগের নন-প্রো সংস্করণে ফিরে যাবে। আর গুগল এআই প্লাস, প্রো ও আল্ট্রা গ্রাহকরা পাবেন উচ্চতর কোটা। যুক্তরাষ্ট্রে এটি গুগল সার্চের এআই মোড এবং নোটবুকএলএমেও গ্রাহকদের জন্য চালু করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি



