সরকারি পরিচয়ে প্রতারণা ঠেকাতে অ্যাপল–গুগলকে নির্দেশ

সরকারি পরিচয়ে প্রতারণা ঠেকাতে অ্যাপল–গুগলকে নির্দেশ
২৫ নভেম্বর, ২০২৫ ১৩:৫৮  

সিঙ্গাপুর পুলিশ মেসেজিং প্ল্যাটফর্মে সরকারি সংস্থার পরিচয়ে প্রতারণা রোধে অ্যাপল ও গুগলকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করতে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনলাইন অপরাধ দমন আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে আইমেসেজ ও গুগল মেসেজেসে বিভিন্ন প্রতারণামূলক বার্তা পাওয়া যাচ্ছে, যেগুলো সিঙ্গাপুর পোস্টসহ সরকারি প্রতিষ্ঠানের পরিচয়ে পাঠানো হচ্ছে। স্থানীয় এসএমএস রেজিস্ট্রিতে সরকারি সংস্থাগুলো “গভ.এসজি” নামে নিবন্ধিত থাকলেও এই নিয়ম আইমেসেজ ও গুগল মেসেজেস প্ল্যাটফর্মে প্রযোজ্য নয়। ফলে ব্যবহারকারীরা এসব বার্তাকে বৈধ মনে করে বিভ্রান্ত হচ্ছেন।

এর আগে সেপ্টেম্বরে সরকার মেটাকে সতর্ক করে জানায়, ফেসবুকে সরকারি কর্মকর্তা পরিচয়ে ঠকবাজি বন্ধে মুখ শনাক্তকরণসহ কঠোর ব্যবস্থা না নিলে জরিমানা করা হবে।

নতুন নির্দেশ অনুযায়ী, অ্যাপল ও গুগলকে এমন প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে যাতে কোনো অ্যাকাউন্ট বা গ্রুপ চ্যাট “গভ.এসজি” বা অন্য সরকারি সংস্থার পরিচয় নকল করতে না পারে এবং এ ধরনের বার্তা স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে যায়।

মন্ত্রণালয় জানায়, দুই কোম্পানি নির্দেশ মানতে সম্মত হয়েছে। নাগরিকদের মোবাইল অ্যাপ হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকে।

ডিবিটেক/বিএমটি