প্লেস্টোরের ঝুকি-বার্তা নিয়ে যা বললো নগদ

প্লেস্টোরের ঝুকি-বার্তা নিয়ে যা বললো নগদ
১৪ নভেম্বর, ২০২৫ ১১:০৬  

নগদ অ্যাপকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে গুগল। সাধারণত প্লেস্টোরের নীতি লঙ্ঘন করায় এমন সতর্ক বার্তা দেয়া হয়। এই সতর্কবার্তা বিষয়ে ১৪ নভেম্বর, শুক্রবার নগদ।কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ব্যবহারকারীর ডিভাইসে প্রদর্শিত সাম্প্রতিক গুগল প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

ফিনটেক প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করার সময় এই সতর্কবার্তাটি দেখা যায়। এটি তাদের আগেই ঘোষিত সেবা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে করা একটি আপডেটের সময় ঘটেছে।

নগদের দাবি, গুগলের নিজস্ব নিরাপত্তা নীতির আপডেটের কারণেও এ ধরনের সতর্কবার্তা দেখা যেতে পারে, যা কিছু ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

ঘটনাটি জানার পর নগদের প্রযুক্তি দল দ্রুত গুগলের সঙ্গে যোগাযোগ করে, এবং উভয় পক্ষই বিষয়টি সমাধানে কাজ করছে।

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পরিচালিত মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ পুনর্ব্যক্ত করেছে যে তাদের অ্যাপ সম্পূর্ণ নিরাপদ এবং সব প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে।

কোম্পানিটি আরও অভিযোগ করেছে যে কিছু মহল ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নগদের সুনাম ও ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে। তারা গ্রাহকদের এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।

নগদ জোর দিয়ে বলেছে, তাদের অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল থেকে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না এবং এটি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ।

ডিবিটেক/মুইম/এসআর