পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন
টাকা ফেরত পাওয়ার দাবিতে পদ্মা ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন করেছেন। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা এই মানব বন্ধন করেন। ৭ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় ব্যাংকটির ভুক্তভোগী গ্রাহকরা।
মঙ্গলবার সকালে বিভিন্ন স্লোগান সমৃদ্ধ ব্যানার নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে বিভিন্ন স্থান থেকে পদ্মা ব্যাংকের অর্ধশতাধিক গ্রাহক সমবেত হয়। তারা সেখানে তুমি কে আমি কে-আমানতকারী, আমানতকারী, আমাদের পাওনা, আমাদের পাওনা- দিতে হবে, দিতে হবে, আমাদের টাকা ব্যাংকে-আমরা কেন রাস্তায় ইত্যাদি স্লোগান দেয় তারা। এ সময় ভুক্তভোগী একাধিক গ্রাহক তাদের দুর্দশার কথা তুলে ধরেন।
ভুক্তভোগী এক গ্রাহক অশ্রুসজল চোখে বলেন, গত রোজার ঈদে সন্তানদের নতুন জামা কাপড় দিতে পারেনি। অথচ ব্যাংকে আমার টাকা আছে।কিন্তু আমি টাকা তুলতে পারছি না। ব্যাংকে যাচ্ছি-ব্যাংকের কর্মকর্তারা শুধু নতুন তারিখ দিচ্ছেন। এভাবে মাসের পর মাস পার হচ্ছে। সামনে আসছে কোরবানী ঈদ, কিভাবে ঈদে সন্তানদের চাহিদা মেটাবো সে চিন্তায় ঘুম আসে না। সরকারের কাছে দাবি- আমাদের প্রাপ্য টাকা আমরা যেন দ্রুত ফেরত পাই তার সুব্যবস্থা করেন।
অন্য এক গ্রাহক তার দুই সন্তানের পড়াশোনার বিশাল খরচের কথা তুলে চোখের পানি ধরে রাখতে পারেননি।তিনি বলেন, আমাদের এখানে এভাবে দাঁড়ানোর কথা নয়। কিন্তু আমরা নিরুপায়। সরকারের নিয়ম মেনেই আমরা ব্যাংকে টাকা রেখেছি। কিন্তু প্রয়োজনের সময় আমরা টাকা পাচ্ছি না। টাকার জন্য ব্যাংকে গিয়ে ব্রিবত হচ্ছি। অন্যকে দেওয়া ওয়াদা রাখতে না পেরে অপমানিত হতে হচ্ছে। এভাবে অনেকেই সামাজিকভাবে হেয় হচ্ছেন। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আমরা সরকারের সুদৃষ্টি দাবি করছি।
ডিবিটেক/এসএইচ/ইকে







