একদিনে দুই সম্মননা পেলো ‘টিম বিইউবিটি’

একদিনে দুই সম্মননা পেলো ‘টিম বিইউবিটি’
৭ নভেম্বর, ২০২৫ ২২:৫২  
৮ নভেম্বর, ২০২৫ ২১:২১  

কিউ-এস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬ এ স্থান করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এশিয়ার শীর্ষ ১৪০১-১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটির অবস্থান নিশ্চিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ৪৫৪তম স্থান অর্জন করেছে। 

এই অর্জনকে ধারণ করে আন্তর্জাতিক ও দেশ; উভয় ক্ষেত্রেই একই দিনে দুইটি সম্মাননা লাভ করেছে বিশ্ববিদ্যালয়টির তরুণ উদ্ভাবকদের দল টিম বিইউবিটি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ৭ম আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবন মেলার (আইএসআইএফ) অনলাইন ফলাফল ঘোষণার সঙ্গে ৭ নভেম্বর, শুক্রবার, একই দিনে ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর বাংলাদেশ রাউন্ডে ডিওবি (ড্রিমস অব বাংলাদেশ) স্পেশাল অ্যাওয়ার্ড লাভ করে এই দলের সদস্যরা। ভিসা না হওয়ায় ইন্দোনিশান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (আইওয়াইএসএ) আয়োজনে অনুষ্ঠিত ৭ম আইএসআইএফ-এ অনলাইনে অংশ নিয়েও নিজেদের উদ্ভাবিত মোবইল অ্যাপ ভিত্তিক সল্যুশন ‘অ্যাগ্রো ডক্টর’ প্রদর্শন করে  দেশের পক্ষে ব্রোঞ্জ পদক জিতে নেয় তারা। 

বিইউবিটি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম তুহিনের নেতৃত্বে তরুণ উদ্ভাবক দলের অপর সদস্যরা হলেন- এআই টিম লিড শওকত হোসাইন, সফটওয়্যার লিড সাব্বির হোসাইন, গ্রাফিক্স ডিজাইনার মোঃ শাকিল, ওয়েব ডেভেলপার আল আমিন সানি এবং অপারেশন লিড আসিফ আল আমিন। আর একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে কানাডায় স্নাতকত্তর করতে যাওয়া এআই গবেষক মোঃ শাকিল হোসেন এই দলটির মেন্টর হিসেবে রয়েছেন।  

অপরদিকে গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত ড্রিমস অব বাংলাদেশের উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নিয়ে শুক্রবার সন্ধ্যায় পুরস্কৃত হয় টিম বিইউবিটি। জলে-স্থলে সমান ভাবে উদ্ধার কাজ করতে সক্ষম এই উভচর রোবট- ‘রোব তরী’ বানিয়ে এবারের ডিওবি স্পেশাল এওয়ার্ড পেয়েছে তারা। রাজধানীর খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম বিইউবিটি সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন স্পেশ ইনোভেশন ক্যাম্প প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। এসময় তার সঙ্গে ছিলেন খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ  জহিরুল ইসলাম এবং রেডিওগিয়ার বিডির প্রধান মৃদুল হাসান। 

ডিবিটেক/আইএইচ