সাজিদ রহমান আইক্যান বোর্ডের ভাইস চেয়ার নির্বাচিত

সাজিদ রহমান আইক্যান বোর্ডের ভাইস চেয়ার নির্বাচিত
১ নভেম্বর, ২০২৫ ০০:০৪  

ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স (আইক্যান)-এর বোর্ড অব ডিরেক্টর্সে যুক্ত হলেন আরও এক বাংলাদেশী। তিনি হলেন মাইএশিয়াভিসি নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ম্যানেজিং পার্টনার, প্রযুক্তি উদ্যোক্তা সাজিদ রহমান। আইক্যানে এবার তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।  

আইক্যানের সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২২ সালে বোর্ড সদস্য হিসেবে তার মেয়াদ শুরু হয়, যা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে।

সাজিদ রহমান ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে এশিয়া ও আফ্রিকা অঞ্চলে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি একটি সামাজিক ব্যবসা উদ্যোগ গড়ে তোলেন, যা এখন পর্যন্ত প্রায় পাঁচ মিলিয়ন মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে।

বর্তমানে তিনি মাইএশিয়াভিসি নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইক্যান বোর্ডের ভাইস-চেয়ার হিসেবে তার এই নিয়োগ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট গভর্নেন্স খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদে থেকে তিনি বৈশ্বিক ইন্টারনেট নীতি, ডোমেইন নাম ব্যবস্থাপনা ও ডিজিটাল গভর্নেন্সে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

আইক্যানের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে তার আর্থিক ও কৌশলগত নেতৃত্ব প্রতিষ্ঠানটির বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এটি বাংলাদেশের জন্য গর্বের একটি অর্জন, যা দেশের প্রযুক্তি নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।