বাংলাদেশে আর্থিক ডেটার ঝুঁকি বিশ্লেষণ শেখালো ক্রেডেন্স
বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক যাচাই বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দিলো হংকংভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ঝুঁকি বিশ্লেষণ প্ল্যাটফর্ম ক্রেডেন্স ডেটা।
প্রশিক্ষণে ক্রেডেন্স ডেটার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা–চালিত সহায়ক টুল ‘ইনসাইট লেন্স’ এর ওপর আলোকপাত করা হয়। আলোচকরা জানান, এই টুলটি শুধুমাত্র যাচাইকৃত উৎসের তথ্য বিশ্লেষণ করে ও অপ্রমাণিত তৃতীয় পক্ষের তথ্য ব্যবহার এড়িয়ে চলে। এই টুলের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট ও ট্রেড ফাইন্যান্স টিম তাৎক্ষণিকভাবে রিপোর্ট বিশ্লেষণ করতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণে গতি ও সামঞ্জস্য আসে। এছাড়াও প্ল্যাটফর্মটির ‘মাল্টি-শাখা সহযোগিতা ফিচার’ যার মাধ্যমে একটি ব্যাংকের সব শাখা নিরাপদভাবে একই ডেটা ভান্ডারে প্রবেশ করতে পারে ও প্রয়োজনমতো রিপোর্ট পুনর্ব্যবহার করতে পারে। এই ব্যবস্থা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ক্রেডিট তথ্যভান্ডার গঠনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যাংক খাতে ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে সহায়তা করবে।
ক্রেডেন্স ডেটার সহ–প্রতিষ্ঠাতা দিব্যা টাইলাং বলেন, “আমরা শুধু ব্যবসায়িক রিপোর্ট দিই না, বরং এমন একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত–সহায়ক ব্যবস্থা তৈরি করেছি যা আজকের দ্রুতগতির বাণিজ্য ও ক্রেডিট পরিবেশের জন্য প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য হলো ব্যাংকগুলোর হাতে যাচাইকৃত, ব্যবহারযোগ্য তথ্য তুলে দেওয়া— যাতে তারা ঝুঁকি ও সময় দুটোই কমাতে পারে।
‘ইনসাইট লেন্স’-এর মাধ্যমে যাচাইকৃত বাণিজ্য তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে আমরা ব্যাংকগুলোকে আত্মবিশ্বাসী ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছি — যা বাংলাদেশের কেন্দ্রীয় ক্রেডিট ইন্টেলিজেন্স ব্যবস্থার দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।”
ব্যাংক এশিয়া পিএলসি-এর এসইভিপি ও হেড অফ সিটিপিসি মো. রাইসুল আমিন বলেন, ‘ক্রেডেন্স ডেটার প্রশিক্ষণটি ছিল অত্যন্ত তথ্যসমৃদ্ধ। তাদের ডিজিটাল পদ্ধতি ও তাৎক্ষণিক রিপোর্ট বিশ্লেষণ টুল আমাদের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমে দক্ষতা, যাচাই প্রক্রিয়া ও সময় ব্যবস্থাপনায় বড় সহায়তা দেবে।’







