মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসে ৬০০ কর্মী ছাঁটাই
কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড তাদের সুপারইন্টেলিজেন্স ল্যাবস ইউনিট থেকে প্রায় ৬০০ কর্মীকে ছাঁটাই করছে। বুধবার কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিটকে আরও গতিশীল ও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্স।
ছাঁটাইয়ের প্রভাব পড়বে ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ (ফেয়ার) ইউনিটসহ প্রোডাক্ট-সংশ্লিষ্ট ও অবকাঠামো–ভিত্তিক এআই টিমে। তবে মেটার পরবর্তী প্রজন্মের ফাউন্ডেশন মডেল উন্নয়নে কাজ করা নতুন টিবিডি ল্যাব এতে প্রভাবিত হবে না।
প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং জানান, ছোট দল সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করবে এবং প্রতিটি সদস্যের দায়িত্ব ও প্রভাব বাড়াবে। ক্ষতিগ্রস্ত কর্মীদের মেটার অন্যান্য বিভাগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর একদিন আগে মেটা ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি সম্পন্ন করেছে, যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় বেসরকারি মূলধন চুক্তি। বিশ্লেষকদের মতে, এই চুক্তি মেটাকে বড় আকারের ডেটা সেন্টার গড়তে সহায়তা করবে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই খাতে তাদের উচ্চাভিলাষ বাস্তবায়নের পথে এগোবে।
ডিবিটেক/বিএমটি







