হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে প্রতারণা থেকে সুরক্ষা দেবে মেটা!
সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা তাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে রক্ষায় নতুন নিরাপত্তা ফিচার চালু করছে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইনে থাকা প্রায় ৮০ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া গ্রাহকসেবা হিসেবে পরিচয় দেওয়া ২১ হাজারেরও বেশি ভুয়া ফেসবুক পেজ সরানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অচেনা কাউকে স্ক্রিন শেয়ার করার আগে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখানো হবে। এতে জানানো হবে—স্ক্রিন শেয়ার করলে অপর ব্যক্তি আপনার ব্যক্তিগত তথ্য, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, দেখতে পারে।
অন্যদিকে, মেসেঞ্জারে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা। কোনো সন্দেহজনক বার্তা এলে ব্যবহারকারীকে সতর্ক করা হবে এবং চাইলে তা মেটার কাছে পাঠিয়ে পর্যালোচনা করানো যাবে।
মেটা ব্যবহারকারীদের পাসকি সেটআপ ও ‘সিকিউরিটি চেকআপ’ চালিয়ে নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছে।
ডিবিটেক/বিএমটি



