এআই চালিত ব্রাউজার আনলো ওপেনএআই

এআই চালিত ব্রাউজার আনলো ওপেনএআই
২২ অক্টোবর, ২০২৫ ১১:৫৬  

ওপেনএআই তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মুক্ত করেছে। এটি অনলাইনে তথ্য অনুসন্ধানে গুগলের একচ্ছত্র আধিপত্য ভাঙার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রথমে এটি ম্যাকওএসে চালু হবে, পরবর্তীতে উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ আসবে। খবর টেকক্রাঞ্চ।

এই ব্রাউজারে চ্যাটজিপিটি সরাসরি সংযুক্ত থাকবে, ফলে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টের সাথেই আলাপ করতে পারবেন। এতে থাকবে ‘সাইডকার’ ফিচার, যা স্ক্রিনের লেখা বুঝে প্রাসঙ্গিক সহায়তা দেবে—ফলে কপি-পেস্টের ঝামেলা কমবে।

অ্যাটলাসে যুক্ত হয়েছে ‘ব্রাউজার হিস্টোরি’ ফিচারও, যার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের অনুসন্ধান ও ওয়েব কার্যক্রম বুঝে আরও ব্যক্তিগতকৃত উত্তর দেবে। এছাড়া ‘এজেন্ট মোড’ নামে একটি সুবিধা রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ওয়েবভিত্তিক ছোট কাজ সম্পন্ন করতে পারবে।

তবে এই ফিচার আপাতত প্লাস, প্রো ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য সীমিত থাকবে। ওপেনএআই-এর কর্মকর্তারা বলছেন, চ্যাটজিপিটি ভবিষ্যতের কর্মপদ্ধতি বদলে দেবে। এখন দেখার বিষয়, তিনশ কোটি ব্যবহারকারী থাকা গুগল ক্রোমের সামনে অ্যাটলাস কতটা জায়গা করে নিতে পারে।

ডিবিটেক/বিএমটি