ওপেনএআই’র সঙ্গে ওয়ালমার্টের অংশীদারিত্ব
বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ঘোষণা করেছে যে তারা ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্বে নতুন এক কেনাকাটার সুবিধা চালু করছে, যার মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি চ্যাটজিপিটি ব্যবহার করে পণ্য ক্রয় করতে পারবেন। খবর রয়টার্স।
মঙ্গলবার ওয়ালমার্টের পক্ষ থেকে জানানো হয়, এই সেবায় ব্যবহার করা হবে চ্যাটজিপিটির “ইনস্ট্যান্ট চেকআউট” ফিচার, যা তাৎক্ষণিকভাবে পেমেন্ট ও অর্ডার সম্পন্ন করতে সক্ষম।
ওয়ালমার্টের পাশাপাশি তাদের সদস্যভিত্তিক বিক্রয় শাখা স্যাম’স ক্লাব এর গ্রাহকেরাও এই সুবিধা পাবেন। ঘোষণার পর মঙ্গলবার সকালে ওয়ালমার্টের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়।
এই অংশীদারিত্বের আগে ওপেনএআই গত মাসে এটসি ও শপিফাই-এর সঙ্গে অনুরূপ সহযোগিতা করে, যার ফলে ঐ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
ওয়ালমার্ট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করা, কার্যক্রম সহজ করা এবং খরচ কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে।
ওপেনএআই’র সঙ্গে নতুন এই সহযোগিতা খুচরা বিক্রয় খাতে এআই-চালিত ক্রয় ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ডিবিটেক/বিএমটি







