রাকসুর ব্যালটবক্সে থাকবে সিসি ক্যামেরার নজরদারি

রাকসুর ব্যালটবক্সে থাকবে সিসি ক্যামেরার নজরদারি
১৪ অক্টোবর, ২০২৫ ১৮:৫৫  

পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। প্রচারণা শেষেনির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে ৯৯০টি বুথের সামনে স্বচ্ছ ব্যালট বাক্সের দিকে তাক করে স্থাপন করা হচ্ছে ১০০ সিসি ক্যামেরা। ইতিমধ্যেই সাদা কাপড় ও বাঁশ-কাঠ দিয়ে বেশ কিছু বুথ স্থাপন শেষে বুথের ভেতরে একটি করে টেবিল রাখা হয়েছে। বুথের নিরাপত্তায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

দীর্ঘ ৩৫ বছর পরে এবারের নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার রয়েছে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী লড়াই করবেন। এর ভেতর সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৩ ও সহকারী সাধারণ সম্পাদক পদে ১৬ জন।

এর মধ্যে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে ১৩ জন ছাড়াও রাকসুর অন্যান্য পদের মধ্যে ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৬, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১০, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৬, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৮,, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন প্রার্থীর নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় এসেছে। 

এ ছাড়া মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৯, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৯, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৮, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৮, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১৬ এবং নির্বাহী সদস্যপদে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ নির্বাচনে আলোচিত প্যানেল গুলো হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩ বছর পরে ১৯৫৬-৫৭ মেয়াদে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। প্রতিষ্ঠার পরে পাকিস্তান আমলের ১৪ বছরে নির্বাচন হয়েছে ১০ বার এবং স্বাধীনতার ৫৪ বছরে নির্বাচন হয়েছে ৬ বার।

প্রথম দুই মেয়াদে ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন(রাসু)’ নামে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’ নামে ১৪বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৮৯-৯০ মেয়াদে নির্বাচন হওয়ার পর দীর্ঘ ৩৫ বছর রাকসুর সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল।

চব্বিশের গণঅভ্যুত্থানের ফলে নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের চাপে তফসিল দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।