দুবাইয়ে আলিবাবা ক্লাউডের দ্বিতীয় ডেটা সেন্টার উদ্বোধন

দুবাইয়ে আলিবাবা ক্লাউডের দ্বিতীয় ডেটা সেন্টার উদ্বোধন
১৪ অক্টোবর, ২০২৫ ১৭:৪৪  

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা তাদের ক্লাউড কম্পিউটিং সেবার সম্প্রসারণের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে। মঙ্গলবার সংস্থাটি জানায়, নয় বছর আগে প্রথম কেন্দ্র চালুর পর এটি তাদের মধ্যপ্রাচ্যে আরেকটি বড় মাইলফলক। খবর রয়টার্স।

আলিবাবা ক্লাউড, যা সংস্থাটির ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ হিসেবে কাজ করে, জানায় এই উদ্যোগটি তাদের ঘোষিত ৩৮০ বিলিয়ন ইউয়ান (৫৩ বিলিয়ন ডলার) বিনিয়োগ পরিকল্পনার অংশ, যা আগামী তিন বছরে বাস্তবায়িত হবে।

আলিবাবা ক্লাউড ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট এরিক ওয়ান বলেন, “মধ্যপ্রাচ্যের দ্রুত এআই গ্রহণযোগ্যতা ও সহযোগিতামূলক প্রযুক্তি ইকোসিস্টেম সরকারি ও বেসরকারি খাতে প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।”

সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় এআই ক্যাম্পাস নির্মাণে কাজ করছে, যেখানে এনভিডিয়া ও ওপেনএআই-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

দুবাইয়ের চলমান জাইটেক্স গ্লোবাল প্রযুক্তি প্রদর্শনীতে আলিবাবা ক্লাউড স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যার মধ্যে রয়েছে আবুধাবিভিত্তিক ডিজিটাল ঋণদাতা উইও ব্যাংক। এই অংশীদারিত্বের মাধ্যমে অঞ্চলে এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি