অনলাইন সহ ডিআরইউ পদক পাবেন ২৭ প্রতিবেদক

অনলাইন সহ ডিআরইউ পদক পাবেন ২৭ প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫ ১৪:২৪  
৯ অক্টোবর, ২০২৫ ০৮:৫৫  

অনলাইন-প্রিন্ট এবং টেলিভিশিন-রেডিও-দুই ভাগে ২৫টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি এবার সব মিডিয়ার জন্যে উন্মুক্ত করে আরও দুটি বিশেষ পুরস্কারসহ মোট ২৭টি সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

 ৮ অক্টোবর, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেয়া হয়।

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ নামে এই পুরস্কারের পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।  পুরস্কার দিতে আজ থেকেই শুরু হচ্ছে রিপোর্ট জমা নেওয়ার কাজ। রিপোর্ট জমা দেওয়া যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের সদস্যদের গত ১ সেপ্টেম্বর ২০২৪ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নগদ-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলামসহ ডিআরইউ-এর অন্যান্য নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এই যে আয়োজন তা আসলে দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেওয়ার এক ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।

ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউয়ের অংশীদার ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। নানান উদ্ভাবন দিয়ে দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এই সেবাটি।  

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার অনুষ্ঠানের ভেন্যু ও অন্যান্য তথ্য ডিআরইউ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

সংবাদ সম্মেলনে নগদ-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, নগদ মনে করে সাংবাদিকদের কাজের মাধ্যমেই সবচেয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সে কারণেই আমরা এমন আয়োজনের সঙ্গে বারবার থাকছি এবং এর মাধ্যমে আমরা সাংবাদিকদের আরও ভালো নগদ রিপোর্ট করার জন্য উৎসাহ দিয়ে যেতে চাই। দেশীয় একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আমাদের দায়িত্ব বলেই মনে করি আমরা।