৫.৪ বিলিয়নে এবিবির রোবোটিকস ইউনিট কিনছে সফটব্যাংক
জাপানের প্রযুক্তি বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ ঘোষণা দিয়েছে যে তারা সুইস ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবিবির রোবোটিকস ব্যবসা ৫.৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করতে যাচ্ছে। এই চুক্তি সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসায়োশি সনের রোবোটিকসে নতুন করে আগ্রহের প্রতিফলন, যিনি সম্প্রতি বিনিয়োগ কার্যক্রমে সম্প্রসারণ শুরু করেছেন। খবর রয়টার্স।
এবিবি পূর্বে রোবোটিকস বিভাগটি আলাদা করে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করে সফটব্যাংকের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এটি এবিবির নতুন সিইও মর্টেন ভিয়েরড-এর দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পদক্ষেপ।
ভিয়েরড বলেন, “বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর রোবোটিকসের যুগে প্রবেশ করছে, আর সফটব্যাংক ও এবিবি একসঙ্গে এই যুগকে নেতৃত্ব দিতে পারবে।”
রোবোটিকস বিভাগটি বর্তমানে প্রায় ৭,০০০ কর্মী নিয়ে কাজ করছে এবং গত বছর ২.৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা এবিবির মোট আয়ের ৭%। চুক্তিটি ২০২৬ সালের মাঝামাঝি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







