ওয়েবে একাদশে শেষ ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ

ওয়েবে একাদশে শেষ ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ
২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৩  
২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৪  

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে সবশেষ ধাপে অনলাইন আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, বুধবার বিকেল সাড়ে ৫টার পর ভর্তি-সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, এটা শেষ ধাপ। এরপর আর অনলাইনে আবেদন নেওয়া হবে না। এ ধাপের ফলাফল শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এর আগে একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টায় প্রকাশিত হবে।

তবে এই সময়ের তিন ঘণ্টা আগেই একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পাওয়া গেছে। ফল দেখতে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 

এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন ভর্তি কমিটির কর্মকর্তারা।

এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর দু’দিন অনলাইনে আবেদনের সময় পান শিক্ষার্থীরা। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।  এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সব শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন। প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি।

চতুর্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (শুক্রবার)। নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে।