সালমান পরিবার সহ আইওএফ’র ২৭ ব্যবসায়ীর বিরুদ্ধে বিটিআরসি’র মামলা দায়ের

সালমান পরিবার সহ আইওএফ’র ২৭ ব্যবসায়ীর বিরুদ্ধে বিটিআরসি’র মামলা দায়ের
১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০০  
১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৪  

সালমান পরিবারের চার সদস্যসহ নেটওয়ার্ক উন্নয়নে আদায়কৃত মার্কেট ডেভলপমেন্ট ফান্ডের ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইজিডব্লি অপারেটর্স ফোরামে (আইওএফ) কার্য নির্বাহী কমিটির সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে এই মামলা করেন বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল আলম। মামলা নম্বর ৩৭। 

মামলায় আইওএফ এর আইএফআইসি  ব্যাংক থেকে এমডিএফ ফান্ডের টাকা বেক্সিমকো কম্পিউটারর্স লিমিটেডের অ্যাকাউন্টে সরিয়ে ফেলায় সালমান এফ রহমান, তার বড় ভাই সোহেল রহমান, ছেলে শায়ান রহমান, আইওএফ কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম, দোহাটেক কর্ণধার এ কে এম শামসুদ্দোহা প্রমুখের নামে এই মামলা করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ধারা ৭৩/৭৪/৭৬ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ৪২০/৪০৬ ধারায় এই মামলা রুজু করা হয়েছে।

মামলাটি এখন তদন্ত করে দেখছেন গুলশান থানার এসআই সাইফুল ইসলাম। 

মামলার এজাহারে বলে হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্নসাতে জড়িত ছিল।

অভিযোগে প্রকাশ, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আইজিডব্লিউ খাতসংশ্লিষ্ট ‘মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্স’-এর নামে ফান্ডে জমা হয় ৬৩১ কোটি টাকা। এর মধ্যে ৯৫ শতাংশের বেশি অর্থই খরচ হয়েছে বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের নামে। অথচ বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী প্রতিষ্ঠানের তালিকায় নেই এই প্রতিষ্ঠানের নাম। এমনকি ৬২৫ কোটি টাকার বেশি ব্যয় দেখানো হয়েছে, যার প্রায় শতভাগ গিয়েছে বেক্সিমকো কম্পিউটারসের অ্যাকাউন্টে, যা সরাসরি সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান।

২০২০-২৫ পর্যন্ত বেক্সিমকো কম্পিউটার লিমিটেডের অ্যাকাউন্টে ২৪৯ বার, ডিজিকনের অ্যাকাউন্টে ২৫ বার, গ্লোবাল ভয়েস টেলিকমের অ্যাকাউন্টে ৪২ বার, ইউনিক ইনফোওয়ের অ্যাকাউন্টে ১ বার, বাংলা ট্র্যাক কমিউনিকেশনের অ্যাকাউন্টে ২৫ বার ট্রান্সফার করা হয়।