সিআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং সপ্তাহ শুরু বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘ডিজিট্যাক্ট ২০২৫’। সিআইইউ বিজনেস স্কুলের অন্তর্গত ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীরা আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ইনোভেটিভ কনটেন্ট ডেভেলপমেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।
আয়োজক সূত্রে প্রকাশ, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে বাস্তবভিত্তিক ডিজিটাল মার্কেটিং জ্ঞানের বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের কর্পোরেট লিডারদের প্রস্তুত করা হবে। নগরীর দ্য পেনিনসুলা হোটেলে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। যেখানে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী দলগুলো মুখোমুখি হবে চূড়ান্ত প্রতিযোগিতায়।
‘ডিজিট্যাক্ট ২০২৫’ হবে চট্টগ্রামের ডিজিটাল মার্কেটিং শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক অনুষ্ঠান, যা তরুণদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব।







