বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে লোকসানি আইএসএন

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে লোকসানি আইএসএন
৩০ আগষ্ট, ২০২৫ ০৮:২৩  
৩০ আগষ্ট, ২০২৫ ২২:২৩  

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ আগস্ট-২৮ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন)। এর আগে ১৭-২১ আগস্টও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি ৪৭.২৬ শতাংশ দর বেড়েছিলো লোকসানে নিমজ্জিত প্রতিষ্ঠানটির। কোম্পানিটির শেয়ার এক শ্রেণির বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে চলে আসায় সপ্তাহের পাঁচ দিনই দাম বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বিদায়ী সপ্তাহে আইএসএনের দর বেড়েছে ৪৫ দশমিক ৫৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭২ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৭০ পয়সায়। 

কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৯৯ বারে ১৬ লাখ ৫৬ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭৬ লাখ টাকা। 

শেয়ারের দাম বাড়লেও কোম্পানিটি লোকসানে নিমজ্জিত। এমনকি শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জও। আর এই অস্বাভাবিক দাম বাড়ার বিষয়টি খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) থেকে ডিএসইকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে কোনো কিছুই কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা রুখতে পারেনি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬২ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২০ টাকা ৫০ পয়সা বা ৩২ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৭০৭ বারে ৯ লাখ ৫২ হাজার ৯৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে ৩২ দশমিক ৩৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এনার্জিপ্যাক পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৭ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা ।এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৩৬ বারে ৬৬ লাখ ৯৪ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৩ লাখ টাকা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক, সোনালী পেপার, প্যারামাউন্ট টেক্সটাইল, সিনোবাংলা, শাহাজীবাজার পাওয়ার এবং জাহিন টেক্সটাইল। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: বেস্ট হোল্ডিংসের ৯.৬৪ শতাংশ, প্রাইম ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬০ শতাংশ, ইনটেকের ৯.৩০ শতাংশ, রেনেটার ৮.৭৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৮.৭৪ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৭.৯১ শতাংশ ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭.৩৫ শতাংশ দর বেড়েছে।