বিশ্ববাজারে টিকতে পোশাক শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন নিশ্চিত করতে হবে

বিশ্ববাজারে টিকতে পোশাক শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন নিশ্চিত করতে হবে
২৯ আগষ্ট, ২০২৫ ১৯:২৪  
২৯ আগষ্ট, ২০২৫ ২৩:২৮  

সেলাই মেশিন প্রশিক্ষণের প্রাথমিক ধাপ অতিক্রম করে বাংলাদেশ এখন উন্নত প্রযুক্তিনির্ভর তৈরি পোশাক শিল্পের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহামুদ হাসান খান বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্প অনেক দূর এগিয়েছে। এখন আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এতে উৎপাদন দক্ষতা বাড়বে। দক্ষতা না বাড়াতে পারলে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হবে।

২৯ আগস্ট, শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এপ্রেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, অনেকে বলেন, তৈরি পোশাক খাত তো ৪০ বিলিয়ন ডলারের। আমরা বলি, হ্যাঁ-কিন্তু আমাদের লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার। সেটা ভ্যালু অ্যাডিশনের মাধ্যমেই সম্ভব। শুধু বেসিক পোশাক রপ্তানি নয়, ভ্যালু অ্যাড এবং উৎপাদনশীলতা বাড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। না হলে টেকসই হবে না শিল্প।  

মাহামুদ হাসান আরও বলেন, তৈরি পোশাক শিল্পকে কেন্দ্রীয় ডেটাবেইসের আওতায় আনা হয়েছে। শ্রমিক ইস্যুতে যারা সেবা প্রদান করে, তারাও এই ডেটাবেইসের আওতায় এলে তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এপেক্স ক্লাবস অব বাংলাদেশ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কাজ করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।