ডেটা নেটওয়ার্কে সেরা সেবা দেবে রবি'র

• ঢাকায় ৪,৮০০ সাইট আধুনিকায়নের পর সেপ্টেম্বরে চট্টগ্রামেও শেষ।
• ৪জি স্তরে একমাত্র ৯০০ মেগাহার্টজ ব্যান্ড ব্যবহারকারী অপারেটর রবি।
• প্রতি জিবি ডেটায় সর্বনিম্ন কার্যকর মূল্য ও ৫জি প্রস্তুতি।

ডেটা নেটওয়ার্কে সেরা সেবা দেবে রবি'র
১৯ আগষ্ট, ২০২৬ ১৭:১৭  

গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডেটা ও ভয়েস সংযোগ নিশ্চিত করতে নেটওয়ার্ক আধুনিকায়ন ও অবকাঠামো সম্প্রসারণ করছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ১৯ আগস্ট, বুধবার রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে আয়োজিত ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন বিষয়ক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।

রবির সিইও জিয়াদ সাতারা বলেন, রবি বর্তমানে দেশের সবচেয়ে বড় ডেটা অপারেটর, ফেসবুকে যাদের সর্বোচ্চ মার্কেট শেয়ার রয়েছে এবং গ্রাহকপ্রতি গিগাবাইট ব্যবহারের হারেও রবি শীর্ষে। অপারেটরটির ৭২ শতাংশ গ্রাহক ৪জি বা স্মার্টফোন ব্যবহারকারী হওয়ায় গ্রাহক ও বাজারের শীর্ষ অবস্থান ধরে রাখতে সর্বোচ্চ মানের সেবা দিতে রবি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, ঢাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইটে ২জি ও ৪জি আধুনিকায়নের পাশাপাশি নেটওয়ার্ককে ৫জির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স ও ৫জি হ্যান্ডসেটের ব্যবহার বৃদ্ধি পেলে নির্দিষ্ট সাইটগুলোতে দ্রুত ৫জি চালু করা সম্ভব হবে। এছাড়া জ্বালানি ব্যবহারে দায়িত্বশীল হয়ে ২০৫০ সালের মধ্যে ‘নেট-জিরো’ অর্জনের অংশ হিসেবে রবির ইএসজি (ESG) লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মাইলফলক নির্ধারণ করা হয়েছে।

ঢাকার পর চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রামের নেটওয়ার্ক আধুনিকায়ন শেষ হবে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে সাইটগুলোর দূরত্ব ৩০০ মিটারেরও কম হওয়ায় স্পেকট্রাম ও অবস্থান নির্ধারণে প্রকৌশলীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। উভয় মেগাসিটিতে ইনডোর কাভারেজ নিশ্চিত করা এবং ৪জি স্তরে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের হোল্ডিং আরও বাড়াতে বিটিআরসির সঙ্গে আলোচনা চলছে।

রবির সিইও আরও বলেন, অতিরিক্ত ব্যবহারের কারণে রবিতে প্রতি গিগাবাইট ডেটার কার্যকর মূল্য দেশের সর্বনিম্ন। রবি চলতি বছর শিল্পে সর্বোচ্চ সংখ্যক সাইট স্থাপন করছে এবং সাপ্তাহিক ১২০–১৫০টি সাইটের কাজে ১০০টির বেশি সাবকন্ট্রাক্টর যুক্ত থাকায় বড় ধরনের পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং রবির জ্যেষ্ঠ কর্মকর্তারা।
//ডিবিটেক/আইএইচ/এমআইএস//