ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্বে উপাধ্যক্ষ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্বে উপাধ্যক্ষ
১৭ এপ্রিল, ২০২৫ ০০:১০  
১৭ এপ্রিল, ২০২৫ ০৫:৩২  

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে উপাধ্যক্ষ  সাহেলা পারভীনকে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে । তিনি এখন থেকে উপধ্যক্ষের দায়িত্বের পাশাপাশি অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে ১৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার সইকৃত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সদ্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে   কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শেষে  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড ডাক দেয় পলেটেকনিক ও কারিগরি শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দেন। 

এদিকে, অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার পর শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করতে পারেন বলে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে কারিগরি ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলে এর সত্যতা মেলেনি। তাদের ভাষ্য, ছয় দফা দাবি বাস্তবায়নে স্পষ্ট প্রতিশ্রুতি লিখিত আকারে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

অপরদিকে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়া পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেছে ছাত্র সংগঠনটি। 

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 

বাংলাদেশে প্রায় ৪ লাখ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদের দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।