৪২ বিলিয়ন ডলার মূল্যায়নে ক্যানভার শেয়ার বিক্রি শুরু
অস্ট্রেলিয়ার জনপ্রিয় গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা ৪২ বিলিয়ন ডলারের মূল্যায়নে কর্মীদের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে। খবর রয়টার্স।
ব্লুমবার্গ নিউজ জানায়, এই বিক্রিতে কর্মীরা তাদের শেয়ার নতুন ও পুরোনো বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে পারবেন। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ কোম্পানি ও জেপিমর্গানের অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ।
২০১৩ সালে চালু হওয়া সিডনি-ভিত্তিক ক্যানভা বর্তমানে পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাফিক, উপস্থাপনা তৈরিসহ নানা ডিজাইন সেবা দিয়ে থাকে। প্ল্যাটফর্মটিতে আগে থেকে তৈরি টেমপ্লেটের পাশাপাশি জেনারেটিভ এআই টুল ব্যবহার করে সহজে কাজ করা যায়।
২০২১ সালে ক্যানভা সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলারের মূল্যায়নে পৌঁছেছিল। বর্তমানে এর মাসিক সক্রিয় ব্যবহারকারী ২০০ মিলিয়নেরও বেশি, যা ১৯০টি দেশে বিস্তৃত। গত বছর প্রতিষ্ঠানটি বার্ষিক আয় হিসেবে ২.৫ বিলিয়ন ডলার অর্জন করেছে।
ডিবিটেক/বিএমটি







