টিকটকে অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করল হোয়াইট হাউস
হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে টিকটকে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চালু হওয়া নতুন অ্যাকাউন্ট @whitehouse-এর প্রথম ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে তিনি বলেন— “আই অ্যাম ইয়োর ভয়েস”। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “আমেরিকা আমরা ফিরে এসেছি! হোয়াটস আপ টিকটক?”। খবর রয়টার্স।
ট্রাম্প এর আগে টিকটককে কৃতিত্ব দিয়েছিলেন তরুণ ভোটারদের মধ্যে সমর্থন বাড়াতে সহায়তার জন্য, যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর প্রচারণার টিকটক অ্যাকাউন্ট @realdonaldtrump-এ ইতিমধ্যে ১.৫ কোটির বেশি অনুসারী রয়েছে।
যদিও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স মার্কিন ব্যবহারকারীদের তথ্য বেইজিংয়ের হাতে তুলে দিতে পারে। এ কারণেই ২০২৪ সালের এক আইনে টিকটককে মার্কিন বাজারে কার্যক্রম বন্ধ বা মার্কিন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার শর্ত দেওয়া হয়েছিল। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আইনটির কার্যকর সময়সীমা কয়েকবার বাড়িয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যত বেশি সম্ভব জনগণের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার চালিয়ে যাবেন।
ডিবিটেক/বিএমটি







