এআই-ভিত্তিক ভয়েস অনুবাদ সুবিধা আনলো মেটা

এআই-ভিত্তিক ভয়েস অনুবাদ সুবিধা আনলো মেটা
২০ আগষ্ট, ২০২৫ ১৬:৫১  
২০ আগষ্ট, ২০২৫ ১২:৫২  

ফেসবুক ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এআই-চালিত ভয়েস ট্রান্সলেশন বা কণ্ঠস্বর অনুবাদ ফিচার চালু করেছে মেটা। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই সুবিধার মাধ্যমে নির্মাতারা নিজেদের কনটেন্ট অন্য ভাষায় অনুবাদ করে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

গত বছর মেটা কানেক্ট ডেভেলপার কনফারেন্সে প্রথম এই ফিচারের ঘোষণা দেওয়া হয়েছিল। এআই অনুবাদের বিশেষত্ব হলো— এটি নির্মাতার নিজস্ব কণ্ঠের স্বর ও টোন ব্যবহার করে অনুবাদ করবে, ফলে নতুন ভাষায় ডাব করা কণ্ঠও অনেকটা স্বাভাবিক শোনাবে। চাইলে ক্রিয়েটররা লিপ-সিঙ্ক ফিচার চালু করতে পারবেন, যা মুখের নড়াচড়ার সঙ্গে অনুবাদ মিলিয়ে দেবে।

শুরুর ধাপে ইংরেজি থেকে স্প্যানিশ এবং স্প্যানিশ থেকে ইংরেজি অনুবাদ পাওয়া যাবে। এটি ব্যবহার করতে হলে ফেসবুক ক্রিয়েটরের ন্যূনতম এক হাজার অনুসারী থাকতে হবে, তবে সব পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই সুবিধাটি চালু থাকবে।

ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, “আমরা চাই ক্রিয়েটররা ভাষাগত বাধা অতিক্রম করে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারেন।”

ডিবিটেক/বিএমটি