গ্রাহকের ঘরে খাবার পৌঁছে দেবে ‘কিটি’

গ্রাহকের ঘরে খাবার পৌঁছে দেবে ‘কিটি’
১৮ আগষ্ট, ২০২৫ ১৯:২৩  
১৮ আগষ্ট, ২০২৫ ২১:২৫  

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক কিংবা বাণিজ্যিক এলাকায় খাবার সরবরাহে সক্ষম একটি রোবট তৈরি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। রোবটটির নাম কিটি। স্বয়ংক্রিয় ডেলিভারি রোবটটিতে দুই চোখের বদলে রয়েছে ক্যামেরা। সামনের বাধা চিহ্নিতের জন্য রয়েছে ন্যাভিগেশন সিস্টেম ও সেন্সর।  এটি জিপিএস এবং মানচিত্র ব্যবহার করে নির্ধারিত পথে চলতে পারে। 

১৮ আগস্ট  (সোমবার) বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম হলে এই রোবটটি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলেন উদ্ভবক ডিআইইউ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুল ইমরান। তিনি জানালেন, স্বয়ংক্রিয়ভাবে খাদ্য সরবরাহের জন্য রোবটটি তৈরি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই রোবট তৈরির যাত্রা শুরু হয় ২০২২ সালে। বর্তমানে এটি প্রথম সংস্করণ হিসেবে তৈরি হয়েছে। কিটি তৈরি করা হয়েছে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক এলাকার খাবার সরবরাহের জন্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবিরের সভাপতিত্বে কিটি’র আত্মপ্রকাশের অনুষ্ঠানে বাংলাদেশ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন,  উপপরিচালক (পেটেন্ট) হাবিবুর রহমান, ফ্যাকাল্টি অব গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কবিরুল ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (পেটেন্ট) ড. মোঃ জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।