আগামী বছর শতাধিক শিক্ষার্থী ভর্তির আশা
চীনে এআই ও কম্পিউটার সায়েন্সে বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
- চীনে কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে
- শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ছয়টি বিষয়ে ভর্তির সুযোগ
- আগামী বছর বাংলাদেশ থেকে শতাধিক নতুন শিক্ষার্থী ভর্তির আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
চীনে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে গিয়ে কম্পিউটার সায়েন্স, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পড়াশোনার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটির একজন কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫০টি দেশের ৮০০ জনের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন।
২৭ অক্টোবর, মঙ্গলবার ঢাকার বনানীতে মালিশাএডু বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সরাসরি ভর্তি কার্যক্রমে এ তথ্য জানান চীনের শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন সানি শাও।
তিনি বলেন, কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেও এসব বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
সানি শাও জানান, বিশ্ববিদ্যালয়টিতে মোট ৩৫টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ছয়টি বিষয়ে ভর্তি হতে পারেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে স্থাপত্য, পুরকৌশল, ব্যবসায় প্রশাসন এবং কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তি।
তিনি আরও জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারেন। যেসব শিক্ষার্থীর চীনা ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তাঁরা সুযোগ অনুযায়ী চীনা মাধ্যমেও পড়াশোনা করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ার প্রত্যাশা জানিয়ে সানি শাও বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে শতাধিক নতুন শিক্ষার্থী ভর্তি হবেন বলে তাঁরা আশা করছেন।
সরাসরি ভর্তি কার্যক্রমে অংশ নিয়ে চীনের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তির শর্ত, শিক্ষার মাধ্যম এবং বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান।
//ডিবিটেক/বিএনএন/এসএমই/এমভিএনও//





