বিদেশে বাংলাদেশের সব দূতাবাস থেকে
ফোনে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
৫ আগস্টের পর সরানো হয়েছে অর্ধশতাধিক ছবি
আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল নয় টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারের মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়া হয়েছে। সূত্রমতে, মধ্যরাতে সেগুনবাগিচার তরফে ওই মৌখিক নির্দেশনা যায় ওয়াশিংটন, দিল্লি, বেইজিং রিয়াদসহ দুনিয়াজুড়ে থাকা বাংলাদেশ মিশনগুলোর দায়িত্বপ্রাপ্তদের কাছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে এ নির্দেশনা দিয়ে তা অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে বলে জানাগেছে। তবে অফিসিয়াল ভাবে এই খবরের সত্যতা স্বাধীন ভাবে নিশ্চিত হতে পারেনি ডিজিবাংলাটেকডটনিউজ।
দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম প্রকাশ, দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সূত্রে প্রকাশ, ১৫ আগস্ট, শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ না পেয়ে ১৭ আগস্ট সকাল নাগাদ সবগুলো মিশনে তা প্রতিপালিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশন সূত্রে প্রকাশ, এখনো অনেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি।
তবে অন্তত দুটি মিশনের প্রধান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন। বিদেশে পদায়নরত একজন কূটনীতিক জানিয়েছেন, শুক্রবার অন্য একটি দেশের মিশনপ্রধান বিষয়টি তাদের জানানোর পর তারা ছবি সরিয়ে ফেলেছেন। অপর একজনের ভাষ্য, মিশনের অনেক সিদ্ধান্ত ইমেইল বা লিখিত ভাবে না দিয়ে টেলিফোনেও দেয়া হয়। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও মৌখিক নির্দেশের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। যদিও ছবি প্রদর্শনের জন্য সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে। বিদেশের মিশন আর সদর দপ্তরে যেমনভাবে করা হয়েছে, তার সঙ্গেই মিল রেখে কেউ আগে থেকেই ছবি নামিয়ে ফেলেছে বলেও জানা যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘ফ্যাসিস্ট’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের দলীয় পদ থেকে রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ায় এবং দলটির কার্যক্রম সাময়িক নিষিদ্ধ থাকার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হতে পারে। তবে কে বা কাকে এই নির্দেশনা দেয়া হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে।







