গুগল মেসেজেসে ‘আনসেন্ড’ ফিচার সবার জন্য চালু
অ্যান্ড্রয়েডের নেটিভ মেসেজিং অ্যাপ গুগল মেসেজেসে অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত আনসেন্ড ফিচার। এর ফলে ভুল করে পাঠানো বার্তা শুধু নিজের ফোন থেকে নয়, প্রাপকের ডিভাইস থেকেও মুছে ফেলা যাবে। খবর জিএসএম এরিনা।
আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) প্রোটোকলের কারণে এ সুবিধা সম্ভব হয়েছে। আগে কেবল নিজের স্ক্রিন থেকে মুছে ফেলা যেত, এখন “ডিলিট ফর এভরিওয়ান” অপশন বেছে নিলে উভয় দিক থেকেই বার্তাটি মুছে যাবে। চাইলে শুধু “ডিলিট ফর মি” নির্বাচন করে নিজের দিক থেকে মুছে ফেলার সুযোগও থাকছে।
কয়েক মাস আগে ফিচারটির ইঙ্গিত কোডে পাওয়া গেলেও সম্প্রতি গুগল এটি আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে।
যদিও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো জনপ্রিয় অ্যাপে অনেক আগেই এ সুবিধা এসেছে, তবে গুগল মেসেজেস ব্যবহারকারীদের জন্য এটি বড় এক আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







