সরকারের সহায়তা নিয়েও কর এড়াচ্ছে স্পেসএক্স
ইলন মাস্কের রকেট ও স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্পেসএক্স দীর্ঘ দুই দশকের বেশি সময়ে মার্কিন সরকারের কাছ থেকে বিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে। কিন্তু নিউইয়র্ক টাইমসের হাতে আসা অভ্যন্তরীণ নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ফেডারেল আয়ের কর খুব কমই দিয়েছে, এমনকি ভবিষ্যতেও হয়তো কখনো দেবে না!
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের শেষ নাগাদ জমে থাকা প্রায় ৫ বিলিয়ন ডলারের ক্ষতি স্পেসএক্স ভবিষ্যতের করযোগ্য আয় থেকে বাদ দিতে পারবে। ট্রাম্প প্রশাসনের ২০১৭ সালের নীতিগত পরিবর্তনের ফলে এই কর-সুবিধার কোনো মেয়াদ নেই। এর মানে, প্রায় ৩ বিলিয়ন ডলারের ক্ষতি অনির্দিষ্টকালের জন্য ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি।
কর বিশেষজ্ঞরা বলছেন, সরকারি চুক্তির ওপর এত বেশি নির্ভরশীল একটি প্রতিষ্ঠানের ৫ বিলিয়ন ডলার কর না দেওয়া উল্লেখযোগ্য ঘটনা। ২০২০ সালে স্পেসএক্সের আয়ের ৮৪ শতাংশ এসেছিল ফেডারেল চুক্তি থেকে।
এদিকে, অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, গত অর্থবছরেই ১৪.১ বিলিয়ন ডলার ফেডারেল কর দিয়েছে। অথচ ২০২৪ সালে ৫ বিলিয়ন ডলারের কার্যকরী মুনাফা অর্জন করেও কর পরিশোধে ছাড় পাচ্ছে স্পেসএক্স।
সমালোচকরা বলছেন, কঠিন সময়ে টিকে থাকতে কোম্পানিগুলোকে সহায়তার জন্য তৈরি কর-সুবিধা এখন ব্যবহার করছে এমন একটি প্রতিষ্ঠান, যা ইতিমধ্যেই অত্যন্ত সফল।
ডিবিটেক/বিএমটি







